ঢাকাগামী লঞ্চে কন্যা শিশু রেখে উধাও বাবা

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চে প্রায় ৮ মাস বয়সী এক কন্যা শিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন।


বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চটি স্থানীয় ধুলিয়া ধুলিয়া ঘাটে নোঙ্গর করলে  এ ঘটনা ঘটে।


লঞ্চের যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে লঞ্চটি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথিমধ্যে ধুলিয়া লঞ্চঘাটে যাত্রী ওঠানামার জন্য থামে। এ সময় এক ব্যক্তি একটি কন্যা শিশু নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন।

লঞ্চে উঠে কিছুক্ষণ তিনি অন্য যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ডেকে বসে থাকেন। এক পর্যায়ে তিনি শিশুটির মাকে লঞ্চে নিয়ে আসার কথা বলে পাশের যাত্রীদের কাছে শিশুটির খেয়াল রাখার অনুরোধ করেন। এরপর তিনি লঞ্চ থেকে নেমে যান। তবে লঞ্চ ছেড়ে গেলেও তিনি আর ফিরে আসেননি।

কিছুক্ষণ পর শিশুটি কান্না শুরু করলে আশপাশে তার কোনো স্বজনকে খুঁজে না পেয়ে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। পরে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখেন।


লঞ্চের যাত্রী মো. সোহেল বলেন,

' ধুলিয়া ঘাট থেকে ওই ব্যক্তি লঞ্চে উঠে কিছুক্ষণ যাত্রীদের পাশে বসা ছিলেন। লঞ্চ ছাড়বে ছাড়বে এমন সময়ে সে  শিশুটিকে রেখে শিশুর মাকে এগিয়ে আনার কথা বলে নেমে যান। কিন্তু লঞ্চ ছাড়লেও তিনি আর ফিরে আসেননি।


এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেলেন, তা এখনও জানা যায়নি। কন্যা শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং তার পরিবারকে খোঁজার চেষ্টা চলছে।


এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,

' আমরা এ বিষয়ে এখনও তেমন কিছু জানিনা। তবে খোঁজ নিয়ে দেখছি।


এ বিষয়ে বাউফল উপজেলা সমাজসেবা অফিসার মো. মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন,

'সামাজিক যোগাযোগ মাধ্যমে  দেখেছি  ধুলিয়ায় লঞ্চে এক শিশুকে পাওয়া গেছে। ওখান থেকে এ বিষয়ে কেউ তথ্য দেয়নি, কেউ জানায়নি। তবে এ বিষয়ে আগে পুলিশের কাছে ওই বাচ্চাকে হস্তান্তরের পরে আমরা পুরোপুরি জানতে পারব। এখন বাচ্চা কোথায় আছে তা আমরা জানিনা। তবে খোঁজ নিচ্ছি, বিকেলে আপডেট জানাতে পারব।'

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ