গলাচিপা রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

 

পটুয়াখালীর গলাচিপায় রাস্তার ওপর ছিড়ে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে মো. আসাদ উজ্জামান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।


শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা শহর-বদনাতলী সড়কের বৌ-বাজার এলাকার পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে আসাদ উজ্জামান ও তার আরেক সহকর্মী মো. আবদুল জলিল রেজা (৪৫) কর্মস্থল গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। আসাদুজ্জামানের মোটরসাইকেলটি রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে সড়কে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকদের সহযোগিতায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো.  আসাদুজ্জামান গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা ফজলুর রহমান মৃধার ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন


নিহতের সহকর্মী আব্দুল জলিল রেজা বলেন, মূল সড়কের ওপরে ছিড়ে ঝুলন্ত অবস্থায় থাকা বিদ্যুৎ পরিবাহী তারটি আসাদ উজ্জামানের বুকে স্পর্শ করে। এ সময় শর্ট সার্কিটের কারণে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে তিনি আর বেঁচে নেই।

পল্লী বিদ্যুতের গলাচিপা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল আহমেদ বলেন, নারিকেলের ডালা পড়ে তারটি ছিড়ে গিয়েছিল। সেখান থেকে যাওয়ার পথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, আমার কাছে প্রাথমিকভাবে জানিয়েছে, আমি বিষয়টি বিস্তারিত দেখতে বলেছি। আমি শুনেছি একটি তার ছিড়ে পড়ছে, সেই তারে যাওয়ার পথে একজন আহত হয়েছেন। পরে কী হয়েছে আমি আর জানতে পারিনি, আমি একটা মিটিংয়ে ছিলাম। বলেছে, পরে আমাকে জানাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ